দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমিয়েছে। শুক্রবার থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।এর আগে গত ১০ জুন সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকায় বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে।